কুষ্টিয়ায় কবর থেকে পীরের কঙ্কাল তুলে দরবারে, প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় কবরে
সূত্রঃ সংগৃহীত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবার প্রাঙ্গণে পুনরায় সমাধিস্থ করার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। প্রশাসনের হস্তক্ষেপে দরবার প্রাঙ্গণ থেকে দেহাবশেষ সরিয়ে আগের কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
তিনি জানান, পীরের কয়েকজন ভক্ত রাতে কবর থেকে তার দেহাবশেষ তুলে দরবার প্রাঙ্গণে নিয়ে সমাধিস্থ করেন। খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তাদের হস্তক্ষেপে দেহাবশেষ আবার আগের কবরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পবিত্র কুরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে নানা জটিলতার পর তাকে দক্ষিণ-পশ্চিম কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
এদিকে কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এমকে/বিএম২৪








