কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সংগৃহীত

মোঃ মাহ্ফুজুল হক, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি


কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।


কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক।


এ ছাড়া কনফারেন্সে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা, পারিবারিক আদালত-১-এর বিচারক, বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর, জেল সুপার, পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, এসআরবি-১৪-এর প্রতিনিধি, কোর্ট ইন্সপেক্টর, প্রবেশন অফিসার, সিআইডির প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ডিবির ওসি এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।


কনফারেন্সে আদালতের নিরাপত্তা নিশ্চিত করা, যথাসময়ে মামলার তদন্ত সম্পন্ন করা, ভুক্তভোগীদের চিকিৎসা সনদ সময়মতো আদালতে উপস্থাপন এবং মামলা দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ সময় পুলিশ সুপারের প্রতিনিধি মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা প্রয়োজন।


এমকে/বিএম২৪