এসএসসিতে দুই বিষয়ে ফেল, ফল প্রকাশের পর শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৩:৪৪ এএম
এসএসসিতে দুই বিষয়ে ফেল, ফল প্রকাশের পর শিক্ষার্থীর মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শামীমা আক্তার মুন্নি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল।


সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় মুন্নিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মুন্নি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের ষষ্ঠী বাড়ির শামীম হোসেনের মেয়ে।


মুন্নির চাচা ইকবাল হোসেন জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুন্নিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, মুন্নি এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।


শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, পরীক্ষার ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থী যেন হতাশ হয়ে অনাকাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ না নেয়।


তিনি শিক্ষার্থীদের ফলাফল নিয়ে হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।