চট্টগ্রামে শুরু হলো ১৫তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলা ২০২৬
মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীতে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলা ২০২৬। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) আয়োজিত এ মেলাটি নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
গতকল থেকে শুরু হওয়া এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণকারীরাও এতে যুক্ত হওয়ায় মেলাটি পেয়েছে ভিন্নমাত্রা। নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, পোশাক, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্যের সমাহার দেখা যাচ্ছে মেলায়।
আয়োজকরা জানান, নারীদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতকে এগিয়ে নিতে এবং তাদের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন, যা তাদের ব্যবসা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
মেলাটি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। নগরবাসীকে মেলায় এসে দেশীয় পণ্য ক্রয় করে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।









