বিএনপি ক্ষমতায় এলে অরাজকতা বাড়বে: মুফতি ফয়জুল করিম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিরাপদে ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হবে এবং নারীরাও রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারবে না।
রবিবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি নিয়ে সমালোচনা করে মুফতি ফয়জুল করিম বলেন, “যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল, সেই চাঁদাবাজি এখনো কমেনি, বরং বেড়েছে। ধর্ষণও কমেনি, বরং আরও বেড়েছে। যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল, সেই দখলদারি এখনো চলছে।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে বিএনপির মধ্যে যত প্রকাশ্যে খুন হয়েছে, আওয়ামী লীগ আমলেও ততটা হয়নি। তার ভাষ্য, “যারা এসব করছে, তারা যদি আবার ক্ষমতায় আসে, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি আরও বৃদ্ধি পাবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “আপনারা যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন না করেন, গণহত্যার বিচার না করেন, তবে জনগণের আস্থা আদায় সম্ভব হবে না।” তিনি আরও বলেন, বৈষম্য দূরীকরণে ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত কোনো সরকারই সফল হয়নি। সংখ্যালঘুরাও এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
শুধু দল বা নেতার পরিবর্তনে দেশের ভাগ্য পরিবর্তন হয় না বলে মন্তব্য করে ফয়জুল করিম বলেন, “চোর যদি এমপি হয়, সে দেশের উপকার করবে কীভাবে? এ দেশে মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি সবাই শাসন করেছে, তবুও মানুষের জীবনে শান্তি আসেনি।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া। আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলহাজ হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।









