পাবনায় জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি:
পাবনার ১১নং ওয়ার্ড কর্তৃক জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় পাবনা জেলা শাখা জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জনসভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা জাকের পার্টির সভাপতি মোঃ কাজী হায়দার এবং সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রধান সমন্বয়ক ও সভাপতি জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট মোঃ লিটন শেখ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজ উদ্দিন পরামানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোহাম্মদ হাদী, জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিভাগের সভানেত্রী অ্যাডভোকেট মোসাম্মৎ মলি খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, “বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের দেখানো ভালোবাসা, শান্তি ও মানবতার আদর্শে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। জাতির ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন স্থাপনে জাকের পার্টি নিরলসভাবে জনগণের পাশে আছে। সমাজে বিভাজন নয়, দরকার ঐক্য ও মানবতার বন্ধন— এ বার্তাই আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।”
তারা আরও বলেন, “চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে জাকের পার্টি সারাদেশে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সেবার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে। মানুষের মননে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।
”বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে এ জনসভা ও র্যালির আয়োজন করা হয়।









