তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে সম্ভব নয়: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে সম্ভব নয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জোরালো হলেও এই পদ্ধতি ফেরানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার সুযোগ নেই। কারণ এটা এখন ঐকমত্য কমিশনের পর্যালোচনার বিষয়। যদি গণভোটে জনগণ এই পদ্ধতির পক্ষে রায় দেয়, তবেই এটা ফিরিয়ে আনা সম্ভব। এর আগে কোনোভাবেই নয়। বিচার বিভাগকে টেনে এনে আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালুর ঝুঁকি নিতে চাই না, কারণ অতীতে এর নেতিবাচক অভিজ্ঞতা আমাদের আছে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। তবে সরকারের ওপর যে নিরপেক্ষতার দায় রয়েছে, সেটি আরও শক্তভাবে প্রতিষ্ঠা করা দরকার। ইতোমধ্যে কিছু সমালোচনা এসেছে, আমরাও বলেছি। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা উচিত।”

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ায় নির্বাচন কমিশনকে স্বেচ্ছাচারিতার অভিযোগ করে নাহিদ বলেন, “নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা ছাড়াই প্রতীক না দিলে সেটি এক ধরনের গায়ের জোর। এতে মনে হবে কমিশন স্বাধীনভাবে কাজ করছে না, কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। এই আচরণ নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমিয়ে দেবে।”

তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশাকে মর্যাদা দিতে নির্বাচন কমিশনকে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।