ঢাকা-১৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মুগ্ধর ভাই স্নিগ্ধ

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
ঢাকা-১৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মুগ্ধর ভাই স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে এক ঘরোয়া অনুষ্ঠানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। এ সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং স্নিগ্ধর বাবা বিশিষ্ট রাজনীতিক মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র বলছে, জুলাই অভ্যুত্থানে ভাই মীর মুগ্ধর আত্মত্যাগ বিএনপির তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ অনুপ্রেরণা সৃষ্টি করেছে। সেই ধারাবাহিকতায় মীর পরিবারের রাজনীতিতে পুনঃঅংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছে দলটির উচ্চপর্যায়।

রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিএনপির তরুণ নেতৃত্বে নতুন মুখ হিসেবে স্নিগ্ধকে সামনে আনার প্রস্তুতি চলছে। দলীয় নীতিনির্ধারকরা মনে করছেন, তরুণ ও শিক্ষিত প্রজন্মের প্রতিনিধিত্ব করার সক্ষমতা রয়েছে তার।