৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার: ডন
নিজস্ব প্রতিবেদক:
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল. দীর্ঘ প্রায় তিন দশক পর মামলাটির নতুন মোড় আসে গত ২০ অক্টোবর. ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন.
পরে ২১ অক্টোবর সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় নতুন মামলাটি করেন. এতে সালমান শাহর স্ত্রী সামিরাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে
এ মামলার অন্যতম আসামি ঢাকাই সিনেমার পরিচিত অভিনেতা ডন জানিয়েছেন, তিনি পালিয়ে নেই এবং খুব শিগগিরই আত্মসমর্পণ করবেন. ডন বলেন, “সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি. ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি. দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব. কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি. এর একটা সুরাহা হওয়া দরকার.”









