শিশুশিল্পী থেকে পূর্ণাঙ্গ নায়িকা, আজ দীঘির জন্মদিন
বিনোদন ডেস্ক:
বাংলাদেশের চলচ্চিত্রে একসময় যিনি ছিলেন শিশু দর্শকদের আদরের মুখ, সেই দীঘি আজ প্রতিষ্ঠিত একজন নায়িকা। মাত্র ছয় বছর বয়সে কিংবদন্তি অভিনেতা বাবু খানের সঙ্গে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর ‘এক টাকার বউ’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘দাদীমা’সহ একের পর এক ব্যবসাসফল ছবিতে অভিনয় করে ছোট্ট এই শিশুশিল্পী হয়ে ওঠেন দর্শকদের চোখের মণি।
সেই অল্প বয়সেই প্রমাণ করেন অভিনয়ে তার অন্তর্নিহিত দক্ষতা। শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে তিনবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নতুন এক মাইলফলক স্পর্শ করেন দীঘি। দীর্ঘ বিরতির পর ফের যখন পর্দায় ফিরে আসেন, তখন আর শিশু শিল্পী নন, পূর্ণাঙ্গ নায়িকা।
নায়িকা হিসেবে বড় পর্দায় তার উপস্থিতি ঘটে ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার মাধ্যমে। এরপর সরকারি প্রযোজনার ছবি ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’-এও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। সবশেষ সিয়ামের সঙ্গে জুটি বেঁধে ‘জংলি’ ছবিতে দেখা যায় তাকে। সেখানে তার অভিনয় ও পর্দায় উপস্থিতি দর্শকের প্রশংসা কুড়ায়।
শুধু সিনেমা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন দীঘি। নিজের ব্যক্তিত্ব, স্টাইল, আত্মবিশ্বাসী অভিব্যক্তি দিয়ে তিনি সোশ্যাল প্ল্যাটফর্মেও শক্ত অবস্থান তৈরি করেছেন।
শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠা দীঘির পুরো পথচলা এক অনুপ্রেরণার গল্প। সময়ের সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রত্যাশার চাপ মোকাবিলা এবং দর্শকের ভালোবাসা ধরে রাখতে পরিশ্রম করে যাওয়া—সব মিলিয়ে ঢালিউডে দীঘির এ রূপান্তর নজরকাড়া সাফল্যের দৃষ্টান্ত।
দর্শকের প্রত্যাশা সবসময়ই তার জন্য বেশি। সেই প্রত্যাশা পূরণে পর্দায় আরও শক্তিশালী উপস্থিতি দেখাতে চান দীঘি। সামনে তার নতুন কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যা দিয়ে আরও একবার প্রমাণ করতে চান তিনি আছেন তারকা অভিনেত্রী হিসেবেই।









