রামিসাকে নিয়ে মাহবুবুল খালিদের গান, গাইলেন সিঁথি-রাফসান-টুটুল
সূত্রঃ সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
খবরের কাগজের পাতা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ে হত্যা, ধর্ষণ ও শিশু নির্যাতনের নির্মম সব ঘটনা। একের পর এক এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ, রাজপথে হয় প্রতিবাদ, ওঠে বিচারের দাবি। কিন্তু সময়ের সঙ্গে অনেক ঘটনা হারিয়ে যায়, আর দীর্ঘসূত্রিতায় আটকে থাকে বিচারপ্রক্রিয়া।
সম্প্রতি ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। হৃদয়বিদারক এ ঘটনা নাড়া দিয়েছে মানুষের বিবেককে। সেই বেদনা, ক্ষোভ ও বিচারপ্রত্যাশী মানুষের আকুতি থেকে গীতিকবি মাহবুবুল খালিদ রচনা করেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামের গান।
“রামিসা এসে যোগ দিলো/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে”—এমন কথামালায় সাজানো গানটির সুরও করেছেন মাহবুবুল খালিদ। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।
গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীতের ইউটিউব চ্যানেলে। একই নামে থাকা ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।
মাহবুবুল খালিদের সৃষ্টির অন্যতম প্রধান বৈশিষ্ট্য তার মানবিক অবস্থান। নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাকে তিনি শিল্পচর্চার অন্যতম দায়িত্ব হিসেবে নিয়েছেন। সমাজের নানা অসঙ্গতি, অন্যায় ও মানবিক সংকট তার গান ও কবিতায় বারবার উঠে এসেছে।
দেশপ্রেম, প্রকৃতি, ধর্মীয় ও সামাজিক উৎসব, জনসচেতনতা কিংবা খেলাধুলা—বিভিন্ন বিষয় তার সৃষ্টিতে জায়গা পেয়েছে। গণসংগীত, লোকগীতি, হামদ-নাত, শিশুতোষ গান, দেশাত্মবোধক, প্রেম-বিরহ ও আধ্যাত্মিক ভাবনাসহ নানা ধারায় গান লিখেছেন তিনি।
সমাজের বাস্তব ঘটনাও তার সৃষ্টিকে করেছে আরও তীক্ষ্ণ ও সময়োপযোগী। রাজধানীর মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে লেখা ‘আদুরি’ গানে উঠে এসেছে নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানেও প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া যায়।
মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন ‘মাগুরার ফুল’। গানটিতে শিশুটির ওপর ঘটে যাওয়া নির্মমতার পাশাপাশি সমাজের অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠেছে। এ গানের জন্য মর্যাদাকর বাইফা অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
শুধু দেশের সামাজিক বাস্তবতা নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংকটও জায়গা পেয়েছে মাহবুবুল খালিদের সৃষ্টিতে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা গানগুলোতে মানবতার পক্ষে তার অবস্থান স্পষ্ট হয়েছে। পাশাপাশি ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ নিয়েও গান লিখেছেন এই গীতিকার।
সব মিলিয়ে মাহবুবুল খালিদের গান কেবল বিনোদনের মাধ্যম নয়; অনেক সময় তা হয়ে উঠেছে সময়ের দলিল, প্রতিবাদের ভাষা এবং মানুষের পক্ষে একজন শিল্পীর কণ্ঠস্বর। রামিসাকে নিয়ে লেখা ‘রামিসাদের বিচার’ গানটিও সেই ধারাবাহিকতারই আরেকটি সংযোজন।
‘রামিসাদের বিচার’ গানের ইউটিউব লিংক: https://youtu.be/kN32Lpr7HCo









