উদ্যোক্তা হতে চাইলে দেয়াল পেড়িয়ে সিঁড়ির সন্ধান করতে হবে

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ এএম
উদ্যোক্তা হতে চাইলে দেয়াল পেড়িয়ে সিঁড়ির সন্ধান করতে হবে

ব্যবসা শুরু করাটা পাহাড়ের চূড়ায় ওঠার মতোই চ্যালেঞ্জিং। নিচ থেকে দেখলে অনেক অনিশ্চয়তা আর ভয় কাজ করে। কিন্তু যারা একবার সাহসের ওপর ভর করে পা বাড়ান, তারাই দেখতে পান ধাপে ধাপে উন্নতির পথ কীভাবে সুগম হয়ে যায়। মূলত ব্যবসা কোনো কাজ নয়, বরং এটি একটি জীবনদর্শন।

বিজনেস শুরু করান আগেই সামনে নানান প্রশ্ন ভীড় করবে, অনিশ্চয়তা ভীর করবে এবং দেয়াল মনে হবে। কিন্তু দেয়ালের ওপাশে সিঁড়ি আছে। একবার দেয়াল ভেদ করলে ধাপে ধাপে উপরে উঠা যাবে।

আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে বড় বাধা হলো আমাদের মজ্জাগত চাকরির মানসিকতা। চাকরিতে মাস শেষে নির্দিষ্ট বেতনের নিশ্চয়তা থাকে, কিন্তু ব্যবসায় সেই গ্যারান্টি নেই। উদ্যোক্তা হতে হলে এই ‘নিরাপদ’ থাকার চিন্তা থেকে বের হয়ে আসতে হয়। যারা ব্যবসাকে কেবল আটটা-আটটা বা নয়টা-পাঁচটা ডিউটি মনে করেন, তারা সফল হতে পারেন না। ব্যবসার জন্য প্রয়োজন চব্বিশ ঘণ্টার নিবেদন এবং মালিকানার মানসিকতা।

অনেকে মনে করেন প্রচুর মূলধন থাকলেই ব্যবসায় সফল হওয়া যায়। এটি একটি বড় ভুল ধারণা। অঢেল টাকা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে তা হারিয়ে যেতে পারে।

সফল বিজনেস করতে চাইলে বাজার বিশ্লেষণ এবং ভবিষ্যৎ ঝুঁকি যাচাই করে নিতে হবে। অভিজ্ঞদের থেকে জ্ঞান নেওয়া এবং ভুলগুলো আগেভাগে চিহ্নিত করতে হবে। মূলধনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। 

মনে রাখতে হবে, ব্যবসা মানেই উত্থান-পতন। কোনো দিন লাভের মুখ দেখবেন, আবার কোনো সময় লোকসানে পড়তে পারেন। এই উত্থান-পতনে ভেঙে পড়লে চলবে না। একজন সফল উদ্যোক্তাকে অসম্ভব আশাবাদী হতে হয়। যখন চারপাশ অন্ধকার মনে হবে, তখনও বিশ্বাস রাখতে হয় যে—এই পরিস্থিতি সাময়িক। এই স্থির মনোবলই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

অনেকেই শুধু পরিকল্পনা করতে করতে বছরের পর বছর পার করে দেন। কিন্তু ব্যবসায়িক উন্নতির আসল মন্ত্র হলো শুরু করা। একবার মাঠে নেমে পড়লে বাস্তব অভিজ্ঞতা থেকে এমন অনেক কিছু শেখা যায়, যা কোনো বই বা কোর্সে পাওয়া সম্ভব নয়। শুরুর সেই প্রথম পদক্ষেপটিই একজন সাধারণ মানুষকে উদ্যোক্তায় পরিণত করে।

ব্যবসা শুধু মূলধন খাটানোর জায়গা নয়; এটি সাহস, ধৈর্য এবং সুদূরপ্রসারী পরিকল্পনার এক চমৎকার সমন্বয়। চাকরির মানসিকতা ঝেড়ে ফেলে যেদিন আপনি অনিশ্চয়তাকে আলিঙ্গন করতে শিখবেন, সেদিন থেকেই আপনার সাফল্যের যাত্রা শুরু হবে।

বিজনেস দোকান করা বা বাড়িভাড়া তোলার মানসিকতা নয়। বিজনেস হলো একটা থেকে আরেকটা ক্ষেত্র তৈরি করা এবং ক্রমবর্ধমান উন্নতির সাথে কর্মসংস্থান সৃষ্টি করা।

লেখক:

ওমায়ের আহমেদ শাওন 

(উদ্যোক্তা, বিজনেস কনসালট্যান্ট ও গণমাধ্যম বিশ্লেষক)