কলকাতার হোটেল আগুনে নিহত ৮ বাংলাদেশি, গিয়েছিলেন চিকিৎসায়
সূত্রঃ সংগৃহীত
কলকাতা প্রতিনিধি
ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কয়েকজন অতিথি হোটেলের ভেতরে আটকা পড়েন। পরে দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
খবর পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হলেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী।
প্রাথমিকভাবে একটি এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে প্রথমে চারটি দমকলের গাড়ি পৌঁছায়। পরে উদ্ধারকাজে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা। হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন দমকলকর্মীরা।
এক পুলিশ কর্মকর্তা জানান, হোটেলের ভেতরে ঘন ধোঁয়া থাকায় দমকলকর্মীদের সিঁড়ি দিয়ে ওপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে এবং আরও হতাহতের আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, আটকে পড়াদের উদ্ধার এবং আগুনের সূত্রপাতের কারণ খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।
এদিকে, কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৭ আগস্ট ভোরে হোটেল বিদেষিণীতে আগুন লেগে অন্তত আটজন নিহত ও কয়েকজন আহত হন।
পাঁচতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। সে সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন, যাদের মধ্যে দুই শিশু ছিল। পরিবারটি হোটেলের ওপরের তলায় অবস্থান করছিল।









