শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চবি ছাত্রশিবিরের মানববন্ধন
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার(২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
কর্মসূচিতে তারা ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘শাকসু নিয়ে টালবাহানা চলবে না’ এবং ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, শাকসু ব্যান’—এ ধরনের স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, "শাকসু নির্বাচন কয়েক দফা পিছিয়ে গেলেও আজ একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একটি ছাত্রসংগঠন হাজারো শিক্ষার্থীকে মাঠে নামিয়ে নির্বাচন পেছানোর দাবি তুলেছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কেউই প্রকৃত বিজয় অর্জন করতে পারে না।
তিনি আরও বলেন, অতীতেও ১৯৯০-৯১ সালে দায়িত্বে থেকে নির্বাচন বন্ধ করা হয়েছিল। এখন আবার একই অপচেষ্টায় ওই সংগঠন লিপ্ত হয়েছে। ছাত্রসংসদকেই তারা সবচেয়ে বেশি ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। শাকসু নির্বাচন বন্ধে নেওয়া সব তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ছাত্রদলের সঙ্গে আন্দোলনের একটি অতীত ইতিহাস রয়েছে উল্লেখ করে ইব্রাহীম হোসেন রনি বলেন, একসময় ছাত্রদলও একই আন্দোলনের অংশ ছিল। তবে ৫ আগস্টের পর ছাত্রদল টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন। রাজনীতি করার অধিকার সবার থাকলেও ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী কিংবা স্বৈরাচারী শক্তিকে জায়গা দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উদ্দীন বলেন, "৫ আগস্টের পর তাঁদের ত্যাগ ছিল নিজেদের অধিকার আদায়ের জন্য। কিন্তু ছাত্রদল ও বিএনপি আবার পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, তাদের অভ্যন্তরীণ কোন্দলে দুই শতাধিক ঘটনা ঘটেছে।
ডাকসু নির্বাচনে পরাজয়ের পর নৈতিকতা থাকলে সংশ্লিষ্টদের ক্যাম্পাস ছেড়ে দেওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, তারা এখনো অপরাজনীতির চর্চা চালিয়ে যাচ্ছে"।
দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।
বা/মে২৪/ম









