মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলার নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

অভিযোগের বিবরণ

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগে জানান, দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার আশ্বাস দেন। সেই আশ্বাসে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা অভিনেত্রী ও তার ভাইয়ের হাতে তুলে দেন।

কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তারা কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। পাওনা টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেদিন সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন—

“টাকা চাইতে আর বাসার সামনে দেখা গেলে মেরে ফেলব।”

এতে বাদী আতঙ্কিত হয়ে পড়েন।

থানার পরামর্শে মামলা

ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে আমিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

আদালত এখন গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরসহ তামিল প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে।