মিস ইউনিভার্সের মঞ্চ থেকে দেশবাসীর প্রতি তানজিয়া জামান মিথিলার হতাশা
নিজস্ব প্রতিবেদক:
মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় মুকুট জয়ের পর দেশকে প্রতিনিধিত্ব করতে গত অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। বর্তমানে সেখানেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে চলছে তার প্রস্তুতি, অনুশীলন ও বিভিন্ন পর্বের প্রতিযোগিতা।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলমান বিতর্ক, সমালোচনা ও ট্রল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিথিলা। থাইল্যান্ড থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি দেশের মানুষের আচরণে তীব্র হতাশা ও মনঃক্ষুণ্ণতা জানান।
“বিদেশিরা ট্রল করলে কষ্ট কম লাগে, দেশের মানুষ করলে সবচেয়ে বেশি লাগে”
ভিডিওতে মিথিলা বলেন,
“আমাকে অন্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কত কষ্ট করছি। এত বড় একটি প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করে চেষ্টা করছি। এত ডিসিপ্লিন, পরিশ্রম, সময়—সবকিছু ম্যানেজ করে যখন এত এফোর্ট দিচ্ছি, তখন যদি নিজের দেশের মানুষের কাছ থেকেই সম্মান না পাই, এটা খুবই কষ্টের।”
বিকিনি বিতর্ক নিয়ে স্পষ্ট বক্তব্য
অনেকেই বিকিনি পরার সমালোচনা করায় বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন,
“আমি কতবার বলবো—আমি যদি বিকিনি না পরি, তাহলে টপ থার্টিতেও যেতে পারবো না। আপনারা তো চান আমি জিতি। বাংলাদেশকে যদি এই মঞ্চে এগিয়ে নিতে হয়, তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাকে প্রয়োজনীয় ড্রেস পরতেই হবে। এখানে ধর্মের কিছু নেই—এটা প্রতিযোগিতার নিয়ম।”
“এটা অনেক বড় প্ল্যাটফর্ম, সবার সাপোর্ট দরকার”
বিশ্বের সেরা প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ের বাস্তবতা তুলে ধরে মিথিলা আরও বলেন,
“এ জায়গাটা অত্যন্ত বড়। এখানে যারা আছে, কেউ খারাপ না—সবাই দুর্দান্ত প্রতিযোগী। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাকে খুব ভালো করতে হবে। আর এতে দেশের মানুষের মানসিক সমর্থন ভীষণ প্রয়োজন।”
দেশের জন্য লড়াই, তবে প্রাপ্য সম্মান চান মিথিলা
বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে মিথিলা দিনরাত কঠোর পরিশ্রম করছেন বলে ভিডিওতে উল্লেখ করেছেন তিনি। নিজের প্রতি সমালোচনার বদলে অন্তত সম্মান ও ইতিবাচক সমর্থন প্রত্যাশা করেন এ মডেল।









