বিশ্ব বাঘ দিবসে মোংলায় ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
বিশ্ব বাঘ দিবসে মোংলায় ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক র‍্যালি ও আলোচনা সভা

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি: 

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণের দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে মিঠাখালী বাজার এলাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বাদাবন সংঘের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, গত এক শতকে পৃথিবীতে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। একসময় বিশ্বের ৩৩টি দেশে প্রায় এক লাখ বাঘ থাকলেও বর্তমানে মাত্র আটটি দেশে প্রায় চার হাজার বাঘ টিকে আছে। তাই বাঘের নিরাপদ আবাসস্থল সুন্দরবন রক্ষাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


সভায় সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ রুস্তুম আলী, গোলাম রসুল, শাহ আলম শিপন, এম রেজাউল ইসলাম, নাজমুল হক, জানে আলম বাবু, মোল্লা আল মামুন, মঈন গাজী, আরাফাত দূর্জয় ও মেহেদী হাসান।


সভাপতির বক্তব্যে নূর আলম শেখ বলেন, আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্র এখনও সুন্দরবনে সক্রিয়। বাঘ হত্যা ও দেহাংশ পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টাইগার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন জরুরি।


প্রধান অতিথি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বাঘ শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের জাতীয় গৌরব ও ঐতিহ্যের প্রতীক। সুন্দরবন ও বাঘ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আলোচনা সভার আগে একটি সচেতনতামূলক র‍্যালি মিঠাখালী ও চাঁদপাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঘ মহড়া ও একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।