ঢাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এএম
ঢাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস


ডেস্ক রিপোর্ট: ঢাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।


শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা এ সময়ে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।


এদিকে সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।