চট্টগ্রামে রথযাত্রা: দুপুর ২টা থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম
চট্টগ্রামে রথযাত্রা: দুপুর ২টা থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ

চট্টগ্রাম প্রতিনিধি:

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আগামী ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, রথযাত্রা উপলক্ষে নগরীতে তিনটি প্রধান শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এসব শোভাযাত্রা তুলসীধাম, নন্দনকানন ও প্রবর্তক এলাকার বিভিন্ন মন্দির থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর অংশগ্রহণের কারণে জনসাধারণের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রথযাত্রা চলাকালে বাদশা মিয়া রোডের মুখ, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর (রেডিসন ব্লু), নেভাল মোড়, নূর আহম্মদ সড়কের মাথা, এনায়েত বাজার মোড়, তিনপোলের মাথা, নিউ মার্কেট, জিপিও সংলগ্ন আলকরণ রোডের মুখ, কোতোয়ালী মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা মোড়, গুডস হিল মুখ, গনি বেকারি এবং সার্সন রোডের মুখসহ বিভিন্ন স্থানে রোড ব্লক স্থাপন করে যানবাহন বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হবে।

এ সময় রথযাত্রার নির্ধারিত রুটে সকল ধরনের যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে সংশ্লিষ্ট এলাকায় যানজট এড়াতে চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।