হাসপাতালে নেওয়ার পূর্বেই ছাত্রদল নেতা হাসিবুর রহমানের মৃত্যু
ডেস্ক রিপোর্ট:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর পুরান ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুর রহমান জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষ (১২তম ব্যাচ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।
জানা গেছে, রাতের খাবারের জন্য ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থানকালে হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মুরসালিন বলেন, “ভাই হাসিবুর রহমানের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।”
ছাত্রদলের এই তরুণ নেতার মৃত্যুতে সহপাঠী, সংগঠনের নেতা-কর্মী ও বন্ধুদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।









