ট্রাক-সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
ট্রাক-সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।  

মঙ্গলবার(২১জুলাই)সকাল ৮ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দিক থেকে আসা একটি কাটা সিএনজি'র সঙ্গে পশ্চিম দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তিনি সিএনজির চালক নাকি যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সুরুজ শেখ জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও তিনজন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাজহারুল ইসলাম বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘাতক ট্রাক ও চালককে খুঁজে বের করার কাজও করছে পুলিশ।"