ফেসবুকের বিকল্প ‘ফ্রিডার’, শুরুতেই কারিগরি জটিলতায় বিপাকে ব্যবহারকারীরা
সূত্রঃ সংগৃহীত
রংপুর প্রতিনিধি
রংপুরের মাটি থেকে ফেসবুকের বিকল্প হিসেবে যাত্রা শুরু করা দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’ অ্যাপ চালু হওয়ার পরপরই কারিগরি জটিলতায় পড়েছেন ব্যবহারকারীরা। বিশেষ করে নিবন্ধনের সময় যাচাইকরণ কোড না পাওয়া, অ্যাকাউন্টে প্রবেশে সমস্যা এবং ছবি-ভিডিও আপলোড করতে না পারার অভিযোগ করছেন অনেকে।
ফ্রিডারকে ফেসবুকের বিকল্প হিসেবে তুলে ধরে শুরুতেই ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নানা সুবিধার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল কনটেন্ট নির্মাতাদের জন্য আয় বা মুনিটাইজেশনের সুযোগ। উদ্যোক্তাদের দাবি, মাত্র এক হাজার অনুসারী থাকলেই মুনিটাইজেশনের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। এ ঘোষণায় তরুণ প্রজন্ম ও কনটেন্ট নির্মাতাদের মধ্যে অ্যাপটি নিয়ে আগ্রহ তৈরি হয়।
তবে ব্যবহারকারীদের ইতিবাচক সাড়ায় চাহিদার তুলনায় দ্রুত বেশি ব্যবহারকারী যুক্ত হওয়ায় অ্যাপটির বিভিন্ন সেবায় কারিগরি সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিডার নিয়ে ব্যবহারকারীদের বিভিন্ন অভিযোগও দেখা গেছে। কেউ কেউ জানিয়েছেন, একাধিকবার চেষ্টা করেও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় যাচাইকরণ কোড পাচ্ছেন না। আবার অ্যাকাউন্ট খুলতে পারলেও ছবি বা ভিডিও আপলোড করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন।
এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ভেরিফিকেশন কোডই আসে না।’ আরেকজন জানিয়েছেন, কয়েকবার চেষ্টা করেও অ্যাপটিতে প্রবেশ করতে পারছেন না।
এদিকে কেউ কেউ ফ্রিডারের নকশা ও ব্যবহারিক বৈশিষ্ট্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, অ্যাপটির লোগো, রঙ, ফন্টসহ বিভিন্ন উপাদানে ফেসবুকের সঙ্গে সাদৃশ্য রয়েছে। অন্যদিকে অনেক ব্যবহারকারী দেশীয় উদ্যোগ হিসেবে ফ্রিডারের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, দেশের তৈরি অ্যাপের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি হওয়া ইতিবাচক বিষয়।
ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের মতো মেসেজিং, ভিডিও কলিংসহ আরও পূর্ণাঙ্গ সুবিধা চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফ্রিডারে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা গেলে ব্যবহারকারীদের আগ্রহ আরও বাড়তে পারে।
ফ্রিডার অ্যাপের নির্মাতারা জানিয়েছেন, অতিরিক্ত ব্যবহারকারী যুক্ত হওয়ায় সাময়িকভাবে কিছু কারিগরি সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের কাজ চলছে। খুব শিগগিরই সমস্যাগুলো সমাধান করে ব্যবহারকারীদের জন্য পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফ্রিডারের যাত্রাকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও, ব্যবহারকারীদের আস্থা ধরে রাখতে দ্রুত কারিগরি সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাই এখন অ্যাপটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।









