শীতে বন্ধুদের আড্ডা কি ধোঁয়া ওঠা এক কাপ চা ছাড়া জমে?

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
শীতে বন্ধুদের আড্ডা কি ধোঁয়া ওঠা এক কাপ চা ছাড়া  জমে?

সূত্রঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ

শীতকাল মানেই কুয়াশামাখা সকাল, রোদেলা দুপুর আর বন্ধুদের সঙ্গে জমে ওঠা আড্ডা। আর এই আড্ডার সঙ্গে ধোঁয়া ওঠা এক কাপ চায়ের মিল যেন অবিচ্ছেদ্য। কেউ বলেন, শীত পছন্দ নয়—ঠাণ্ডা লাগে, জ্বর হয়। আবার অনেকের কাছে শীত হলো ছুটি, মাটির চুলায় পিঠা, খেজুরের রস আর গরম চায়ের অপরিসীম আনন্দ।

শহরে গ্রাম্য পরিবেশ না থাকলেও শীত উপভোগের সুযোগ কম নয়। টংয়ের চায়ের দোকানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিড়—কখনো ফুটবল নিয়ে তর্ক, কখনো বন্ধুত্বের হাসিঠাট্টা। অন্যদিকে, সিনিয়র নাগরিকদের আড্ডায় থাকে দেশের রাজনীতি নিয়ে ভাবনা। সবার হাতে থাকে এক কাপ গরম চা।

এখন চায়ের দোকানে নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তাদের আলাপের বিষয়—ফ্যাশন, লিপস্টিকের দাম কিংবা উৎসবের অফার—সবই জমে ওঠে চায়ের সঙ্গে।

চা নিয়েও রয়েছে নানা মত—গ্রিন-টি, হারবাল-টি, রেড-টি, মিল্ক-টি বা কফি-কম্বো—কোনটা উপকারী বা ক্ষতিকর তা নিয়ে তর্ক চললেও একটি সত্য অস্বীকার করা যায় না—শীতে চা ছাড়া আড্ডা অসম্পূর্ণ।

বন্ধুদের সঙ্গে আড্ডা, সকালের কুয়াশা আর এক কাপ ধোঁয়া ওঠা চা—এসব মিলেই শীত হয়ে ওঠে আরও জাদুকরী। তাই ফিটনেস ট্রেন্ড যাই হোক, শীতে গরম চায়ের বিকল্প নেই।