নরসিংদীর মাটিতে চিরনিদ্রায় শায়িত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
নরসিংদীর মাটিতে চিরনিদ্রায় শায়িত সাবেক শিল্পমন্ত্রী নুরুল  মজিদ মাহমুদ  হুমায়ুন

মোঃ মাসুদ রানা, নরসিংদী প্রতিনিধি:

অবশেষে থেমে গেল সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহদী, বেলাবো  আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জীবনযাত্রা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গত বছর সেপ্টেম্বর-২৪ইং  গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে জীবন-মৃত্যুর লড়াই শেষে সোমবার সকালে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে যান চিরবিদায়ে।

রাজনীতির দীর্ঘ পথচলায় নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ছিলেন এক পরিচিত নাম। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর আওয়ামী লীগের হয়ে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে জনগণের রায় পেয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। দুই দফায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করে দেশের শিল্প ও অর্থনীতিতে রেখেছেন অবদান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উনার নিজ হাতে গড়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় তাঁর জানাজা। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে ঢল নামে হাজারো মানুষের। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে চিরশয্যায় শায়িত করা হয় তাঁকে।

স্থানীয় মানুষের চোখে জল, মনে শূন্যতা—রাজনীতি হারালো এক অভিজ্ঞ যোদ্ধাকে, আর নরসিংদীর মানুষ হারালো আপনজনকে।