‘কবুল বলেছেন, কাবিনে স্বাক্ষরও করেছেন, সংসারও করতে হবে’

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পিএম
‘কবুল বলেছেন, কাবিনে স্বাক্ষরও করেছেন, সংসারও করতে হবে’

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার পর এখন তারই বিপক্ষে অবস্থান নিয়েছে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু স্বাক্ষরও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার লাকসামে এনসিপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ভাই ঠিকই বলেছেন—স্বাক্ষর করার পর আজ বিএনপি বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি না করতে চান, তাহলে কাবিনে স্বাক্ষর কেন করলেন? সংসার যদি না করতে চান, তাহলে কবুল কেন বললেন? কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, এখন সংসার করতেই হবে।”

তিনি আরও বলেন, “সংসার যদি না করতে চান, তবে রাস্তা খোলা আছে—জনগণের সামনে এসে বলতে হবে, আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।”

এনসিপির এই নেতা বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, এখন তারাই আমাদের তরুণ প্রজন্মকে ‘ছোট মানুষ’ বা ‘বাচ্চাদের দল’ বলে উপহাস করছেন। আমরা বলতে চাই—সরকারি চাকরিতে যেমন নির্দিষ্ট বয়সের পর রাখা হয় না, তেমনি রাজনীতিতেও সময়ের পরিবর্তনে নতুন নেতৃত্ব আসতেই হবে। প্রবীণ প্রজন্ম আমাদের স্বাধীনতার চেতনা যথাযথভাবে ধারণ করতে পারেনি বলেই আজ নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন হয়েছে।”

তিনি আরও আহ্বান জানান, “সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করে রাখুন। কারণ তারাই আবার তত্ত্বাবধায়ক সরকার ও জনগণের ভোটাধিকারের বিপক্ষে যাবে।”

এর আগে হাসনাত আবদুল্লাহ লাকসাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।