সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (সেপা) পর্যায়ে উন্নীত করতে বাংলাদেশের প্রস্তুতির কথা ইন্দোনেশিয়াকে জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চাওয়া হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি। বৈঠকে সেপা ও আরসিইপিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, কনস্যুলার বিষয় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।


দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণ ও বৈচিত্র্যময় করার লক্ষ্যে বাংলাদেশি পণ্য ও সেবা আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও অনুরোধ জানান তিনি।


জবাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওষুধসহ বিভিন্ন খাতে বাংলাদেশে উৎপাদিত পণ্যের ইন্দোনেশিয়ায় রপ্তানি বৈচিত্র্যময় করার ক্ষেত্রে তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।


বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুই দেশের অভিন্ন ঝুঁকির বিষয়টিও উঠে আসে। দুর্যোগ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন হুমায়ুন কবির। রাষ্ট্রদূত এ বিষয়ে সমর্থন জানিয়ে দুর্যোগ মোকাবিলায় জ্ঞান ও সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রেও ইন্দোনেশিয়ার সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এমকে/বিএম২৪