শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম
শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষার তালিকায় ১ নম্বরে রয়েছে। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় প্রস্তুতির পর্যায়ে আছে বলে আদালত সূত্রে জানা গেছে।

রায়ের দিন ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

আদালত ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, এবং তল্লাশির পরই সাংবাদিক ও সাধারণ মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতে, রায়ের তারিখ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ যেন উসকানিমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রায়ের দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বজায় থাকবে এবং আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটি বর্তমানে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।