রাজধানীতে কভার্ডভ্যান থামিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০১:৩৯ এএম
রাজধানীতে কভার্ডভ্যান থামিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর উত্তরা এলাকায় প্রকাশ্যে কভার্ডভ্যান থামিয়ে একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় টাকা বহনকারী প্রতিষ্ঠানের এক কর্মচারীকে কুপিয়ে আহত করে অস্ত্রধারী ছিনতাইকারীরা। ছিনতাইয়ের সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। সোমবার (১০ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ডিএল পেট্রোল পাম্পের বিক্রির টাকা উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে জমা দিতে কভার্ডভ্যানে করে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র ব্যক্তি কভার্ডভ্যানটির গতিরোধ করে।

পরে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি চাপাতি দিয়ে এক কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। এরপর টাকাভর্তি ব্যাগ নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আহত কর্মচারীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

পাম্প কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের বিক্রির টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল। নিয়মিত একই সময়ে বিপুল পরিমাণ টাকা বহনের বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই নজরদারিতে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশসহ একাধিক তদন্ত দল অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার ডিএল পেট্রোল পাম্পের মালিক তাসীন হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।



এমকে/বিএম২৪