প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

ডেস্ক রিপোর্টঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টা, উপদেষ্টার সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সম্পদ বিবরণী জনসম্মুখে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাঁদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদের বিবরণ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণ দ্রুত প্রকাশের প্রতিশ্রুতি দেন। সে সময় তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেছিলেন, সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন এবং পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

সরকারের এই উদ্যোগকে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ ঢাকা পোস্ট

বা/মে২৪/ফা