প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিগগিরই আসামিদের আইনের আওতায় আনার আশা প্রকাশ করেছে সংস্থাটি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি নিয়ে ডিবির একাধিক টিম কাজ করছে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ঢাকা মহানগরে সংঘটিত অধিকাংশ অপরাধের ঘটনায় ডিবি সফলভাবে তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করেছে। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এর আগে ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংকে জমা দেওয়ার জন্য টাকা নিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন। পরে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।
এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হক যুক্ত। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।
পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির অর্থ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবসে একসঙ্গে জমা দেওয়া হয়। এ কারণে রোববার ব্যাংকে তুলনামূলক বেশি টাকা নেওয়া হয়।
এমকে/বিএম২৪









