ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) চিকিৎসা বিভাগের সূত্রে জানা গেছে, চার দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদউল্লাহ। শুরুতে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে জ্বর ও শারীরিক দুর্বলতা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার, এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে এখনও সক্রিয় মাহমুদউল্লাহ। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিয়েছিলেন তিনি। দুই ম্যাচ খেলার পর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ডেঙ্গুতে আক্রান্ত হন এই অলরাউন্ডার।

চিকিৎসকদের ধারণা, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্ত, সতীর্থ ও ক্রিকেটপ্রেমীরা।