জিকির করতে করতে মা'রা যান বিশ্বজয়ী হাফেজ ত্বকি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পিএম
জিকির করতে করতে মা'রা  যান বিশ্বজয়ী হাফেজ ত্বকি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরের দক্ষ কোরআনে হাফেজ সাইফুর রহমান ত্বকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মারা যান। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মুগদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ২৫ বছর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসার মাঠে ত্বকির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন বিশ্বজয়ী কোরআন পাঠক হাফেজ সাইফুর রহমান ত্বকির বাবা, মাওলানা বদিউল আলম......

জানাজার পূর্বে উপস্থিত মানুষদের উদ্দেশে তিনি আবেগঘনভাবে ছেলের স্মৃতি স্মরণ করেন। ত্বকির বাবা জানান, 'আমার ছেলে হাসপাতালের আইসিউতে যতটুকু জীবন শক্তি ছিল, তা দিয়ে আল্লাহর জিকির করেছে। আমি বেডের পাশে দাঁড়িয়ে তার মুখে জিকিরের শব্দ শুনেছি। তখন আল্লাহর কাছে আমি বলেছি, হে আল্লাহ, যদি আমার ছেলের আয়ু শেষ হয়ে থাকে, তবে তাকে ঈমানের সাথে কবুল করে নিন। ত্বকি জিকির করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।'

তিনি আরও বলেন, 'আমার ছেলে ইসলামী আদর্শ মেনে জীবন কাটিয়েছে। তার মৃত্যুতে আমি কষ্ট পেয়েছি কিন্তু জানি আমার রবের সন্তুষ্টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করেছি। তাকে সাদা কাফনে মুড়িয়ে নিজ হাতে বাড়ি এনেছি, কাঁধে নিয়েছি, জান্নাতে পৌঁছানোর নিয়তে।

ত্বকির মরদেহবাহী অ্যাম্বুলেন্স যখন তার গ্রামের বাড়ি ডালপা গ্রামে পৌঁছায়, তখন একটি হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়। প্রিয় এই কোরআন কারির জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। জানাজার পর রাত ১০টার দিকে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজন ও শিক্ষকরা জানান, ত্বকি কোরআনের হিফজ সম্পন্ন করেন ঢাকার বিখ্যাত মারকাযুত তাহফিজ থেকে। তিনি একাধিকবার ওই প্রতিষ্ঠানের কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। পরে নারায়ণগঞ্জের এক মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।

হাফেজ ত্বকি দেশে এবং বিদেশে কোরআন তেলাওয়াতে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিজয়ী হয়েছেন। এছাড়া, এনটিভিতে প্রচারিত 'কুরআনের আলো' অনুষ্ঠানে সহ দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায়ও তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকি। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদ্রাসা শিক্ষক। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে বড়। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমও তার স্মৃতি স্মরণের ঢল কখনো থেমে নেই।