চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. আল-আমীন ও ড. সফিকুল ইসলাম।
উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। একই সঙ্গে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।
ড. মোহাম্মদ আল-আমীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ড. মো. সফিকুল ইসলাম বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-উপাচার্য হিসেবে তাঁদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে। তাঁরা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি এবং উপাচার্যের অর্পিত ক্ষমতা অনুযায়ী তাঁরা দায়িত্ব পালন করবেন। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।








