ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৩০ এএম
ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে: সালাহউদ্দিন আহমদ

Lনিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে ঐক্য নয়, বরং আরও বিভক্ত করবে। তিনি অভিযোগ করেন, কমিশনের বর্তমান কার্যক্রমে মনে হচ্ছে সরকার ও দুই-তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ গঠন করেছে। ফলে কমিশনের কর্মকাণ্ড নিরপেক্ষতার বদলে পক্ষপাতমূলক রূপ নিচ্ছে, যা জাতীয় রাজনীতিতে হতাশা তৈরি করছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘ক্ষমতার শাসন থেকে আইনের শাসন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সবাইকে ঐক্যের পথে আনার কথা বলে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু তাদের দেওয়া প্রস্তাবে ঐক্যের কোনো বাস্তব প্রতিফলন নেই, বরং সেখানে বিভক্তির উপাদানই বেশি। ১৭ অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, তার মূল বিষয়গুলো সনদে প্রতিফলিত হয়নি। বরং কমিশন ও কয়েকটি দলের প্রস্তাবই স্থান পেয়েছে তাতে।”

L

তিনি আরও বলেন, “আরপিও ও জোটের এক প্রতীক নিয়ে যে প্রক্রিয়া চলছে তা সম্পূর্ণ পক্ষপাতমূলক। এতে জনগণের আস্থা হারাচ্ছে কমিশন।”

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের আস্থা ফেরাতে ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষতার অবস্থান নিতে হবে।”

সেমিনারে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজনীতি, আইন ও প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।