এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়লো

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়লো

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন কারিগরি ত্রুটির কারণে বিঘ্নিত হয়।


এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। শনিবার রাত ৮টায় নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।


আবেদনকারীদের অনেকে একাধিক বিষয় ও পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। সব মিলিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।


এমকে/বিএম২৪