চট্টগ্রাম ওয়াসায় ‘হাইব্রিড শ্রমিক দল’ সিন্ডিকেটের দাপটে, কোণঠাসা ত্যাগীরা ‎

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০২:২৮ পিএম
চট্টগ্রাম ওয়াসায় ‘হাইব্রিড শ্রমিক দল’ সিন্ডিকেটের দাপটে, কোণঠাসা ত্যাগীরা  ‎

চট্টগ্রাম প্রতিনিধি:

‎চট্টগ্রাম ওয়াসায় একটি নিষ্ক্রিয় শ্রমিক সংগঠনকে সক্রিয় করে ‘হাইব্রিড শ্রমিক দল’ গঠনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্যাশিয়ার মো. নুরুল ইসলামের নেতৃত্বে শ্রমিক লীগের মধ্যম পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন (রেজি নং-১৬৮৭) নতুন করে সক্রিয় করা হয়েছে।

‎অভিযোগকারীদের দাবি, বিগত ১৭ বছরে নিয়োগপ্রাপ্তদের গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ-সুবিধা বহাল রাখতে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একটি চক্র এ সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করছে। ফলে জাতীয়তাবাদী শ্রমিক দলের ত্যাগী নেতাকর্মীরা বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছেন।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয়তাবাদী শ্রমিক দল থেকে একাধিকবার নোটিশের মাধ্যমে এ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হচ্ছে। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক এক প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের অঙ্গসংগঠনগুলো কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।

‎অভিযোগ রয়েছে, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিনের আত্মীয় এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ক্যাশিয়ার মো. নুরুল ইসলামের সঙ্গে মির্জা আলমগীর, নজরুল ইসলাম, আব্দুল মাবুদ, সুব্রত দাশসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক সাবেক নেতাকর্মী সম্পৃক্ত রয়েছেন।

‎এছাড়া, বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ও সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তা পর্যায়ের ব্যক্তি এ সিন্ডিকেটকে নানাভাবে আর্থিক সহায়তা দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

‎জানা গেছে, চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন (রেজি নং-১৬৮৭) বিগত সরকারের আমলে তৎকালীন ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক ফজলুল্লাহর সময় গঠিত হয়। অভিযোগ রয়েছে, বিদায়ের আগে ওই সংগঠনকে অর্থ ও জনবল দিয়ে পুনরায় সক্রিয় করে যাওয়া হয়।

‎তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।