সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ মিলল তিন দিন পর
নিজস্ব প্রতিবেদক :
সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফিশিং বোট থেকে পড়ে নিখোঁজ হওয়া এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন সমুদ্র তীরে লাশটি ভেসে আসে।
নিহত জেলের নাম আনিছুর রহমান (২০)। তিনি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মধ্য মৌলভীপাড়া এলাকার কবির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে আনিছুর রহমান মাছ ধরতে সাগরে যান। মাছ ধরার একপর্যায়ে ফিশিং বোট থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। সহযাত্রী ও বোটের মালিকসহ একাধিক ফিশিং বোট তাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্যর্থ হয়।
পরে সকালে স্থানীয়রা সৈকতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”









