বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান গতকাল রোববার দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন অনুযায়ী, তার অবস্থান সর্বশেষ শনাক্ত হয় রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বাভাবিকভাবেই তিনি গতকাল সকালে নিয়মিত অফিসে উপস্থিত হন। তবে দুপুর ১২টার পর হঠাৎ অফিস কক্ষে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বের হয়ে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি মেসেজ পাঠান। এতে ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি লেখেন—“এটাই হয়তো আমার শেষ চাওয়া।” মেসেজটিতে তার মানসিক অবস্থার চরম বিপর্যয়ের ইঙ্গিত পাওয়া যায়।
সহকর্মীরা জানান, নাঈম রহমান একজন শান্ত, দায়িত্বশীল ও পরিশ্রমী কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান তারা।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকা–এর সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তাকে নিয়ে দারুণ উদ্বিগ্ন। কেউ তাকে দেখে থাকলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”
ইতোমধ্যে নাঈম রহমান নিখোঁজ হওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার মোবাইলের লোকেশন, সম্ভাব্য চলাচলের রুট ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
পরিবার ও সহকর্মীরা আশা করছেন—দ্রুতই তার সন্ধান মিলবে এবং সুস্থ অবস্থায় তিনি ফিরবেন।









