বিমানের উপমহাব্যবস্থাপক আল মাসুদ খান সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১২:৪৪ এএম
বিমানের উপমহাব্যবস্থাপক আল মাসুদ খান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (আইন) মো. আল মাসুদ খানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আদালতের নির্দেশনা অমান্য ও দায়িত্বে গাফিলতির অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের তদন্ত শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ক্যাপ্টেন আলী রুবাইয়াত চৌধুরীর দায়ের করা একটি রিট পিটিশনের শুনানিতে আদালত বিমান কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু উপমহাব্যবস্থাপক (আইন) আল মাসুদ খান কারণ দর্শানোর নোটিশের জবাব না দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দেননি। এর ফলে আদালত অবমাননার পরিস্থিতি সৃষ্টি হয়।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২১ নভেম্বর অফিস আদেশ অনুযায়ী তদন্ত প্রতিবেদন অফিসে জমা পড়লেও তিনি ‘দুর্নীতির আশ্রয় নিয়ে’ তা আদালতে দাখিল করেননি। একই সঙ্গে তথ্য গোপন করে প্রতি মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো মামলার তালিকায় এ মামলাটি অন্তর্ভুক্ত করেননি। বিষয়টি গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হয়েছে।

ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৮ ধারার অধীনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং নিয়মিতভাবে হাজিরা দিতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।