ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ২

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১০:২২ এএম
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ২

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষার্থী এবং অন্যজন হামলাকারী বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।


মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় রেডিও স্টেশন ডিজেডএমএমকে দেওয়া সাক্ষাৎকারে জাম্বোয়াঙ্গার মেয়র খাইমার আদান ওলাসো এ তথ্য জানান।


মেয়র বলেন, গুলিতে নিহত দুজনের একজন হামলাকারী। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।


স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, ঘটনাটি জাম্বোয়াঙ্গার আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে ঘটে। সন্দেহভাজন হামলাকারী সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী বলে জানা গেছে। সে একটি শ্রেণিকক্ষে ঢুকে গুলি চালায় বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে।


ঘটনার পর স্কুল ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে পুলিশ। আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চ্যাং জানিয়েছেন, পুলিশ সদস্যরা ক্যাম্পাসটি নিরাপদ করার চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।


কী কারণে এই হামলা চালানো হয়েছে এবং সন্দেহভাজন শিক্ষার্থী কীভাবে অস্ত্রটি পেয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনার পর স্কুল ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


সূত্র: আল-জাজিরা