তারেক রহমানের ভারত সফর নিয়ে কেন এত আগ্রহী দিল্লি?
সূত্রঃ ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছে নয়াদিল্লি। চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপি জয়ী হওয়ার পরই তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তারেক রহমানকে নয়াদিল্লিতে স্বাগত জানাতে ভারতের আগ্রহ সাম্প্রতিক কিছু ঘটনায় আরও স্পষ্ট হয়েছে। এমনকি তার সম্ভাব্য সফর উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির দপ্তর গার্ড অব অনারের মহড়ার জন্য নিয়মিত একটি অনুষ্ঠান বাতিলের কথা জানিয়েছিল। পরে অবশ্য সেই বার্তা প্রত্যাহার করা হয়।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটে। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ দেখছে ভারত।
তবে এ ক্ষেত্রে বড় বাধা হয়ে আছে ভারতে শেখ হাসিনার অবস্থান। বাংলাদেশ তাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তারেক রহমানের ভারত সফরের আগে এ বিষয়টি নিয়ে ঢাকার অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ মনে করেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ভারত ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, মেডিকেল ভিসা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য পুনরায় সচল করার মতো বিষয়গুলোতে ভারত সহযোগিতা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও বাংলাদেশের গুরুত্ব অনেক। সড়ক, রেল ও বন্দর ব্যবহারের পাশাপাশি সীমান্ত নিরাপত্তার বিষয়েও দুই দেশের পারস্পরিক স্বার্থ রয়েছে।
তবে শেখ হাসিনাকে ঘিরে বিরোধ এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্কে এখনো অস্বস্তি রয়েছে। ফলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: বিবিসি
এমকে/বিএম২৪









