ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ‘ঈদ মোবারক’ জানান।


বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পবিত্র এই উপলক্ষ সবার মধ্যে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনুক। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কাজ করার চেতনা যেন সবাইকে সবসময় পথ দেখায়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


আজ বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।


এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠানে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।


এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।


মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় তাঁর ওপর প্রথম ওহি নাজিল হয়। দীর্ঘ ২৩ বছরের নবুয়তি জীবনে তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত, সত্য, ন্যায় ও সাম্যের পথে আহ্বান জানান।


মানবিকতা, অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানো, অন্যায়-অবিচার থেকে বিরত থাকা এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা মহানবী (সা.)-এর আদর্শের গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত।