ইরানের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম
ইরানের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর ও বিধ্বংসী অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে কোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশকে কঠোর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র এর আগে দেশটিকে অনেক সুযোগ ও ছাড় দিয়েছে। তবে ইরান চুক্তিতে রাজি না হওয়ায় এখন তাদের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।


ট্রাম্প বলেন, এটি হবে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ, যার ফলে ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে অভূতপূর্ব মাত্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে।


তিনি আরও জানান, কোনো দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রম, বিমানবন্দর কিংবা সরকারি প্রতিষ্ঠান ইরানকে সহযোগিতা করলে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে ইরানের তেল চোরাচালান, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন এবং ভুয়া কোম্পানির কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি।


তবে ট্রাম্প তার পোস্টে ইরানের কোনো নির্দিষ্ট মিত্র বা সহযোগী দেশের নাম উল্লেখ করেননি। এ বিষয়ে তিনি বলেন, যাদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়েছেন, তারা নিজেদের বিষয়টি বুঝতে পেরেছে।


চীন, ভারত, তুরস্ক, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও জাপান ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যেও এসব দেশের সঙ্গে ইরানের উল্লেখযোগ্য বাণিজ্য রয়েছে।


ট্রাম্প বলেন, সামনে একটি সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ অপেক্ষা করছে। ইরানকে বিচ্ছিন্ন ও পরাজিত করতে সব মিত্র ও অংশীদারকে যুক্তরাষ্ট্রের পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইরান কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।


ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পরে গত ৫ মে এ অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে দুই দেশের মধ্যে দুই দফা মাঝারি মাত্রার যুদ্ধবিরতিও হলেও সংঘাত পুরোপুরি থামেনি।


সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড




এমকে/বিএম২৪