স্ত্রীর অভিযোগে আলোচনায় আবু ত্বহা মুহাম্মদ আদনান

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম
স্ত্রীর অভিযোগে আলোচনায় আবু ত্বহা মুহাম্মদ আদনান

ডেস্ক রিপোর্ট:

আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে তার স্ত্রী সাবিকুন নাহার একাধিক ব্যক্তিগত ও নৈতিক অভিযোগ তুলেছেন এ ধর্মীয় বক্তার বিরুদ্ধে...

শনিবার (১১ অক্টোবর) বিকেলে প্রকাশিত ওই স্ট্যাটাসে সাবিকুন নাহার দাবি করেন, আবু ত্বহা মুহাম্মদ আদনান বর্তমানে জারিন জাবিন নামে এক এয়ার হোস্টেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। এই নারী ত্বহার কলেজ জীবনের পুরোনো প্রেমিকা বলে দাবি করেছেন তিনি।

সাবিকুন নাহারের ভাষ্য অনুযায়ী, কলেজ জীবনে পারিবারিক কারণে তাদের সম্পর্কটি বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে সম্প্রতি তারা আবার যোগাযোগ শুরু করেছেন এবং নিয়মিত চ্যাট ও ফোনালাপে যুক্ত আছেন।

তিনি আরও লেখেন, রাজধানীর যিন্নুরাঈন সেন্টারে ঘণ্টার পর ঘণ্টা কথোপকথন ও সাক্ষাতের ঘটনাও ঘটছে। “তিনি এখন নিয়মিত সেই এয়ার হোস্টেসের সঙ্গে ফোনে কথা বলেন, লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করেন। সেন্টারে বিভিন্ন ক্লাসের নামে মেয়েদের সঙ্গে একান্তে বসেন”— এমন অভিযোগ তুলেছেন সাবিকুন নাহার।

তার দাবি, যে কো-এডুকেশন বা নারী-পুরুষের মিশ্র শিক্ষা ব্যবস্থার তিনি (ত্বহা আদনান) প্রকাশ্যে বিরোধিতা করেন, তার প্রতিষ্ঠানে সেই ব্যবস্থাই চলছে। এসব বিষয়ে আপত্তি জানালে তাকে উল্টো দোষী বানিয়ে নানা অপবাদ দেওয়া হয়েছে এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সাবিকুন নাহার আরও উল্লেখ করেন, এর আগেও রংপুরের এক তরুণ আলেমা নারীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন আবু ত্বহা আদনান, পরে সেই সম্পর্ক থেকেও তিনি সরে আসেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন,

> “বর্তমান মানসিক ও শারীরিক অবস্থার কারণে অনলাইন তালিম সাময়িকভাবে স্থগিত করা হলো। ইনশাআল্লাহ আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তালিম পুনরায় শুরু হবে। আমার ও পরিবারের জন্য দোয়া করবেন। আমি গুনাহগার, রবের দয়ার মুখাপেক্ষী।”

ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেক অনুসারী বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন।

এ বিষয়ে আবু ত্বহা মুহাম্মদ আদনান বা তার ঘনিষ্ঠ কারও পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।