তারাকান্দায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
তারাকান্দায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মো. জামাল উদ্দিন (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় মেয়ের মাদরাসায় খাবার দিয়ে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন তারাকান্দার বানিহালা ইউনিয়নের নালচাপড়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জামাল উদ্দিনের সঙ্গে একই গ্রামের জসিম উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিগত ইউপি নির্বাচনের সময় এ বিরোধের সূত্রপাত হয়। সম্প্রতি ইউপি সদস্যের মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়। এতে প্রতিপক্ষকে সন্দেহ করেন জামাল উদ্দিন। পরে প্রতিপক্ষের পুকুরেও বিষ দেয়া হয়, যা থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামাল উদ্দিন স্থানীয় একটি মাদরাসায় মেয়েকে খাবার দিতে যান। খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বানিহালা গ্রামের দারুস সুন্নাহ কওমি মাদরাসার সামনে ৭–৮ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত জামাল উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের শরীরে কোপের চিহ্ন ও মারধরের দাগ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।