গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম রোববার (২ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।”

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার বাসিন্দা আবদুস সালামের বাড়ির গোয়াল থেকে কয়েকজন চোর রাতে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে চোর সন্দেহভাজনরা পাশের নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যান।

সেখানে স্থানীয়রা তাঁদের উপস্থিতি টের পেয়ে আবার ধাওয়া করেন। একপর্যায়ে তিনজন একটি পুকুরে ঝাঁপ দেন। পরে গ্রামবাসী তাঁদের পুকুর থেকে তুলে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান, আরেকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওসি বুলবুল ইসলাম। তিনি আরও বলেন, “ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।