কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১১ ফিশিং ট্রলার আটক
কুতুবদিয়া প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে নৌবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১১টি ফিশিং ট্রলার, ৭৬০ মণ ইলিশ মাছ ও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আরমান হোসেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রু মারমা। উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিব ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল।
মোবাইল কোর্টে আটক ১১টি বোটের মালিকদের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত ৭৬০ মণ ইলিশ মাছ ১৪ লাখ ৯০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
এ ছাড়া উদ্ধারকৃত বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।









