কুতুবদিয়ায় গাঁজাসহ দুই তরুণ আটক
কুতুবদিয়া প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়ায় গাঁজাসহ দুই তরুণকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে বড়ঘোপ স্টিমারঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শাহেদুল ইসলাম হামিম প্রকাশ শান্ত (১৯), পিতা মো. এনাম, মাতা সাদিয়া বেগম এবং মো. নাছিম মোরশেদ নাদিল (২২), পিতা মৃত মো. নাছির উদ্দিন, মাতা রুজিয়া বেগম। উভয়ের বাড়ি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর অমজাখালী এলাকায়।
কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, পুলিশ বড়ঘোপ স্টিমারঘাট এলাকায় টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়ঘোপ ইউপির পবিত্র পাড়া এলাকায় মৃত মনমোহনের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা, গাঁজা খাওয়ার কলকি, গাঁজা কাটার কাঠ ও চাকু, এবং ১০ গ্রাম তামাক পাতা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৩০ টাকা।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত মাদক ও সরঞ্জামসমূহের তালিকা তৈরি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









