মৃত চাচাকে দেখতে যেতে না দেওয়ার অভিযোগ, শ্বশুরবাড়িতে গৃহবধূর বিষপান
সূত্রঃ সংগৃহীত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে লিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ বিষপান করেছেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমা আক্তারের মৃত্যু হয়। তিনি উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনু পণ্ডিত বাড়ির মোহাম্মদ রাশেদের স্ত্রী। তাদের দুটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার লিমা আক্তারের এক চাচা মারা যান। চাচাকে দেখতে বাবার বাড়িতে যেতে না দেওয়াকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক কলহ হয় বলে জানা গেছে। এর জেরে বুধবার সকালে তিনি বিষপান করেন।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
ওসি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় আসছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, বিষপানের সঠিক কারণ এবং এর পেছনে কারও দায় রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।








