গুরুদাসপুরে স্বাবলম্বী হতে ২১ পরিবার পেল কর্মমুখী উপকরণ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
গুরুদাসপুরে স্বাবলম্বী হতে ২১ পরিবার পেল কর্মমুখী উপকরণ

সূত্রঃ সংগৃহীত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


অভাবের সংসারে স্বস্তি ফেরানো, জীবিকার নতুন পথ তৈরি এবং নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে সুবিধাবঞ্চিত ২১টি দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন কর্মমুখী উপকরণ বিতরণ করা হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। নির্বাচিত পরিবারের সদস্যদের হাতে টি-সিএনসি, ভুট্টা ভাঙা মেশিন ও মালবাহী তিন চাকার মেশিনের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।


এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা ও বিতরণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও গ্লোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।


এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, শুধু সহায়তা প্রদান নয়, দরিদ্র পরিবারগুলোর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের আয়মুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। বিতরণ করা উপকরণ কাজে লাগিয়ে পরিবারগুলো নিজেদের জীবিকা আরও শক্তিশালী করতে পারবে বলে আশা করা হচ্ছে।


এমকে/বিএম২৪